পাথেয় রিপোর্ট : কুমিল্লার চৌদ্দগ্রামে ইটভাটার কয়লা বহনকারী একটি ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ইটভাটার মালামাল নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই কাজী অ্যান্ড কোং নামে একটি ইটভাটার শ্রমিক।
ব্রিকস ফিল্ড সূত্রে জানা যায়, ভোরে একটি ট্রাক থেকে ওই ইটভাটায় কয়লা আনলোড করা হচ্ছিল। এ সময় পাশেই ছাউনিতে ঘুমাচ্ছিলেন ওই শ্রমিকরা। কয়লা আনলোড করার সময় ট্রাকটি উল্টে গিয়ে শ্রমিকদের ওপর পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইনজামামুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানা গেছে।


