কোভিড: গত চার মাসে আজ সর্বোচ্চ ১২ মৃত্যু

কোভিড: গত চার মাসে আজ সর্বোচ্চ ১২ মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারার মধ্যে এক দিনে ১২ জনের মৃত্যু হয়েছে, যা চার মাসের মধ্যে সর্বোচ্চ। দৈনিক শনাক্তের হার ছাড়িয়েছে ১৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার ১৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২ হাজার ২৮৫ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে, আগের দিন এই সংখ্যাটি ছিল ১ হাজার ৯০২ জন।

গত এক দিনে দেশে যে ১২ জনের মৃত্যু হয়েছে, তাদের আটজনই ছিলেন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এর বাইরে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম ও যাশোর জেলায় একজন করে কোভিড রোগীর মৃত্যুর খবর এসেছে।

এক দিনে মৃত্যুর এই সংখ্যা গত ৫ মার্চের পর সর্বোচ্চ। সেদিন ১৩ জনের মৃত্যু হয়েছিল। এরপর থেকে করোনাভাইরাসের সংক্রমণ কমার পাশাপাশি মৃত্যুও নেমে এসেছিল শূন্যের ঘরে।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন।

সোমবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে হয়েছে ১৬ দশমিক ৫১ শতাংশ। শনাক্তের এই হার গত ১০ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। সেদিনে ১৭ দশমিক ০৬ শতাংশ ছিল শনাক্তের হার।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৩ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৪ কোটি ৯১ লাখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *