খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন

খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন

পাথেয় ডেস্ক : চৌদ্দগ্রামে বাসে বোমা হামলার ঘটনায় কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিনের বিরুদ্ধে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি আগামী ৯ আগস্ট পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। এর আগে সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস.এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন। আদালতে শুনানিতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ মামলায় গত ১ জুলাই খালেদা জিয়াকে গ্রেফতার দেখিয়ে জামিন আবেদনের শুনানির জন্য ৮ আগস্ট বহাল রাখেন কুমিল্লার আদালত। এরপর খালেদা জিয়া হাইকোর্টে এ মামলায় আবেদন করে জামিন চান। ওই আবেদনের পর কুমিল্লার আদালতে খালেদা জিয়ার জামিন নিয়ে করা আবেদন ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট।

এ আদেশ অনুসারে, কুমিল্লার আদালত তা নিষ্পত্তি করে খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন। এর বিরুদ্ধে সম্প্রতি খালেদা জিয়া হাইকোর্টে আবেদন করলে সোমবার আদালত তার ছয় মাসের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *