পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সন্ত্রাসীদের গুলিতে খুলনায় সাগর (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাগর গ্রিন বাংলা হাউজিং এলাকার বাসিন্দা ফায়েক শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে সাগর বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে একটি গুলি তার মাথায় এবং আরেকটি হাঁটুতে লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গৌতম জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে গুলির শব্দ শুনে এলাকার এক বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। পরে ৯৯৯ থেকে থানায় অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলের দিকে যায়।
রূপসা থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ দাশ বলেন, “রাতে জাবুসা এলাকায় ডিউটিতে ছিলাম। থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি ওই এলাকায় জমি কিনে নতুন বাড়ি করেছেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।”
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে।”
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে।


