পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আসামে চূড়ান্ত নাগরিক তালিকা শনিবার (৩১ আগস্ট) প্রকাশিত হয়েছে। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখের বেশি মানুষ। তবে রাজ্য থেকে বিদেশি নাগরিকদের তাড়ানোর ক্ষেত্রে এই তালিকা কোনো কাজ দেবে না বলে আগেই মন্তব্য করেছেন রাজ্যের স্বাস্থ্য ও অর্থবিষয়ক মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
শুক্রবার সাংবাদিকদের উদ্দেশে এই বিজেপি নেতা বলেছেন, ‘আমরা খসড়া তালিকার ঠিক পরেই এনআরসি নিয়ে আশা হারিয়ে ফেলেছি। এনআরসি কোনো বাংলাদেশিকে বহিষ্কারের জন্য কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনাল নয়…কিছুক্ষণ অপেক্ষা করুন। বিজেপির আমলে এমন অনেক ফাইনাল দেখতে পাবেন।’
বিশ্বশর্মা বলেন, আসামের নাগরিকদের জন্য এই তালিকাকে ‘রেড লেটার’ হিসেবে দেখা হবে না। বিজেপির গুরত্বপূর্ণ এই নেতা ইঙ্গিত করেন, এ তালিকায় তাঁর আস্থা কম। এ থেকে বিদেশিদের বের করা যাবে না।তালিকাটি বৈধ বাসিন্দাদের চিহ্নিত এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বাতিল করতে কতটা সমর্থ হবে, তা নিয়ে সন্দেহ আছে। তালিকা প্রকৃত অর্থেই বিদেশিদের হাত থেকে অসমকে কতটা মুক্তি পেতে সহায়তা করবে, সে বিষয়ে সন্দেহ আছে তাঁর।


