গাঁজাসহ ধরা খেল পুলিশ

গাঁজাসহ ধরা খেল পুলিশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিষয়টি অনেকটা শেয়ালের কাছে মুরগি আমানত রাখার মত। ঘটনাটি তেমনই ঘটেছে। গাঁজাসহ ইয়াসির আরাফাত নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার (০৬ জুলাই) ঘটনাটি ঘটেছে দেশের ঝিনাইদহ জেলায়। মঙ্গলবার (০৭ জুলাই) তাকে মাদক মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। আরাফাত খুলনা জেলার তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামের মো. মোফিজুর রহমান ছেলে।

সূত্রে জানা গেছে, সোমবার (০৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহরের মৎস্য অফিস পাশের গোয়েশপুর সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক কনস্টেবলের বিরুদ্ধে ডিবি পুলিশের এসআই সেলিম রেজা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, মাদক ব্যবসায়ীদের শিকড় সর্বত্র ছড়িয়ে ছিঁটিয়ে রয়েছে। পুলিশ সদস্য আরাফাত আদালতে ডিউটি করার সুবাদে মাদকের ১২ মামলার এক আসামির সাথে পরিচয় হয়। সেই সূত্রে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে সে। পুলিশের সুপার আবারো জোর দিয়ে বলেন, ব্যক্তি অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্য কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরো জানান, আটক করা ব্যক্তির দেয়া তথ্য মতে মাদকের গডফাদারকে ধরার জন্য অভিযান চলছে।

ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন ঘটনার বিষয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয় আদালতে কর্মরত ইয়াসির আরাফাত নামের ওই পুলিশ কনস্টেবলকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮৫০ গ্রাম গাঁজা। এরপর তাকে ডিবি অফিসে আনা হয় এবং জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

তিনি জানান ঝিনাইদহ জেলা কারাগার ভিত্তিক একটি মাদক বিক্রেতা চক্রের সাথে জড়িত আটক এ কনস্টেবল। কারারক্ষিদের কয়েকজন এর সাথে জড়িত রয়েছে। এর আগে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের দুই কারারক্ষিকে মাদকসহ গ্রেফতার করা হয় বলেও ডিবির ওসি জানান।

ঝিনাইদহ আদালতের পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, রবিবার রাতে ডিউটি ছিল আরাফাতের। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদালতের কনস্টেবল পদে বদলি হয়ে আসে এবং কোর্টের সামনের একটি ভাড়া বাসায় পরিবার পরিজন নিয়ে বসবাস করে সে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *