গাজীপুরে অপহৃত মাদরাসাছাত্র উদ্ধার

গাজীপুরে অপহৃত মাদরাসাছাত্র উদ্ধার

পাথেয় রিপোর্ট : গাজীপুরে মুক্তিপণের দাবিতে মাদরাসার এক অপহৃত শিশু শিক্ষার্থীকে সোমবার (৮ জুলাই) রাতে উদ্ধার করেছেন র‌্যাব ১-এর সদস্যরা।

অপহরণের শিকার ওই ছাত্রের নাম মাহফুজুর রহমান (৮)। সে সুনামগঞ্জের ধর্মপাশা থানার কুর্শিবাড়ী গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে। র‌্যাব ১-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন নলজানী টিঅ্যান্ডটি রোড এলাকায় সপরিবারে বাস করেন ইয়াকুব আলী। তার ছেলে মাহফুজুর রহমান স্থানীয় তাসকিয়াতুল উম্মাহ হিফজুল কোরআন মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র।

প্রতিদিনের মতো রোববার বিকাল সাড়ে ৫টার দিকে মাহফুজুর রহমান মাদরাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। পথে টিঅ্যান্ডটি রোড এলাকায় অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি মাহফুজকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।

রাতে অপহরণকারীরা মাহফুজকে খুন করার হুমকি দিয়ে মোবাইল ফোনে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের শিকার ওই শিশুর স্বজনরা বিভিন্ন স্থানে মাহফুজকে খোঁজাখুঁজি করে না পেয়ে গাজীপুরের পোড়াবাড়ির র‌্যাব ১-এর ক্যাম্পে অভিযোগ করেন।

অন্যদিকে সোমবার রাতে মুক্তিপণের টাকার আশায় অপহৃত শিশুকে নিয়ে অপহরণকারীরা বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান করছে, এ গোপন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালান।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহৃত শিশুকে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকার সুমন টেলিকমের সামনে থেকে অপহৃত মাহফুজুর রহমানকে উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *