পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গুজব ছড়ানোকে বিএনপি পবিত্র দায়িত্ব হিসেবে মেনে নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভুল ধরিয়ে দেওয়ার নামে সরকারের অন্ধ সমালোচনা আর নেতিবাচক বক্তব্যের চর্বিত চর্বণ করে যাচ্ছে। তারা মানুষের পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার, গুজব ছড়ানোকেই পবিত্র দায়িত্ব হিসেবে মেনে নিয়েছে।
বুধবার তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ মহামারি মোকাবিলায় শেখ হাসিনা সরকারের উদ্যোগগুলো বিএনপির চোখে পড়ে না। তাদের বলব ধুলোজমা, মরচে ধরা চশমা সরিয়ে এ সংকটে মানুষের পাশে দাঁড়ান এবং সরকারের কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ এশিয়া ও আমেরিকায় নতুন করে সংক্রমণে উদ্বেগ প্রকাশ করেছে, করেছে সর্তক। চীনে নতুন করে সংক্রমণ দেখা দেয়েছে। এ বাস্তবতায় নিজের বিবেক নিজের পাহারাদার না হলে এ উদাসিনতা থেকে কে আমাদের মুক্ত করবে।
সরকার সীমাবদ্ধতার মধ্যেও নিরলস কাজ করে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, একদিকে জীবন অন্য দিকে কর্ম। একদিকে জননিরাপত্তা অপর দিকে অর্থনীতির ভারসাম্য, একদিকে বেঁচে থাকার জন্য পরিকল্পনা, অপর দিকে দেশ বিদেশের সঙ্গে সংযোগ রক্ষা জীবনের অনিবার্য প্রয়োজনগুলো মাথাচাড়া দেয় বলে মানুষ ঘর থেকে বেরিয়ে আসে।
তিনি বলেন, সরকার জোনভিত্তিক লকডাউন কার্যকর করার পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি, টেস্টিং সেন্টারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে এবং সবধরনের সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করছে বলেও জানান তিনি।


