পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টহল বা অভিযানের সময় পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলেই গুলির নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে নগরীর ঈশান মিস্ত্রির ঘাটে দুর্বৃত্তদের হামলায় বন্দর থানার এসআই আবু সাঈদ রানা গুরুতর আহত হওয়ার পর ওয়্যারলেসে সব ইউনিটে তিনি এ মৌখিক নির্দেশ দেন।
নির্দেশনায় তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে যে অস্ত্র বহনের প্রাধিকার ছিল, তা অনুযায়ী এখন থেকে থানার মোবাইল পার্টি, পেট্রোল পার্টি, ডিবি ও চেকপোস্ট টিম আগ্নেয়াস্ত্র ও লাইভ অ্যামুনিশন নিয়ে বের হবে। রাবার বুলেট যথেষ্ট নয়। অস্ত্র বের করা মাত্র গুলি হবে, ধারালো হোক বা আগ্নেয়াস্ত্র। আত্মরক্ষা দণ্ডবিধি ৯৬ থেকে ১০৬ ধারায় পুলিশকে এই অধিকার দেওয়া হয়েছে। সিএমপি কমিশনার আরো বলেন, বন্দর থানার ঘটনায় আমার অফিসারের মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যেত। আল্লাহ তাকে বাঁচিয়েছেন। এমন পরিস্থিতিতে লাশ ছাড়া টহল পার্টি ফেরত আসবে না।
জানা গেছে, মঙ্গলবার সল্টগোলা এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর পেয়ে এসআই আবু সাঈদ রানা ও দুই পুলিশ সদস্য অভিযান চালান। একটি বাসায় তল্লাশির সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রানার মাথায় আঘাত করে। জানা গেছে, হামলার সময় রানার সঙ্গে থাকা দুই কনস্টেবল শটগান বহন করলেও গুলি ছোড়েননি।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কিরিচ, ছুরি ও ধারালো অস্ত্রসহ ১৮ জনকে আটক করে। বন্দর জোনের ডিসি মো. আমিরুল ইসলাম জানান, আহত এসআইর সিটি স্ক্যান করা হয়েছে, তিনি শঙ্কামুক্ত। চট্টগ্রাম মেডিক্যালে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিত্সায় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।


