পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বের চাপ উপেক্ষা করে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলা চলছেই। গত ২৪ ঘণ্টায় আরও ইহুদি রাষ্ট্রটির হামলায় আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আড়াই শতাধিক। এ নিয়ে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৬৫৫।
আজ বৃহস্পতিবার (২২ মে) এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোর থেকে গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৩ জন নিহত হয়।
এদিকে বুধবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকারী বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলি চালানোর ঘটনায় আন্তর্জাতিক নিন্দা বাড়ছে বলে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫৩ হাজার ৬৫৫ জনে পৌঁছেছে বলে বুধবার জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। শুধু গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয় ৮২ জন, আহত হয় আরও ২৬২ জন। যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২১ হাজার ৯৫০।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে আছেন, কিন্তু উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
গত জানুয়ারি মাসে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও মার্চে তা ভেঙে দিয়ে ইসরায়েল গাজায় পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে।


