চার শিক্ষার্থীসহ সড়কে নিহত ১৪

চার শিক্ষার্থীসহ সড়কে নিহত ১৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর মধ্য বাড্ডায় মিষ্টি ব্যবসায়ী ও বংশালে অজ্ঞাত ব্যক্তি, নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২ মাদ্রাসাছাত্র ও সেনবাগে গৃহবধূ, জামালপুরের বকশীগঞ্জে ট্রলিচালক, বগুড়ার কাহালুতে শিক্ষক ও শেরপুরে বাইকচালক, গাজীপুরের কালীগঞ্জে কলেজছাত্র, বরিশাল সদরে মোটরসাইকেল চালক, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রী, মানিকগঞ্জের সিংগাইরে শ্রমিক এবং কুমিল্লার তিতাসে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজধানী : মধ্য বাড্ডায় বাসের ধাক্কায় নিহত মিষ্টি ব্যবসায়ীর নাম আব্দুল হালিম পাটোয়ারী (৫৫)। তার গ্রামের বাড়ি চাঁদপুরে কচুয়া উপজেলার সাদিপুরে। মধ্য বাড্ডা হাজীবাড়ির মোড় এলাকায় পরিবার নিয়ে থাকতেন। পোস্ট অফিস সড়কে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া পুরান ঢাকার বংশালে সিটি প্লাজার সামনে পিকআপের ধাক্কায় নিহত ব্যক্তির পরিচয় মেলেনি।

কোম্পানীগঞ্জ ও সেনবাগ (নোয়াখালী) : কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। তারা হলো, চরকাঁকড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. কামরুজ্জামানের ছেলে আশকার মাশফি (১০) ও শহিদুল ইসলাম ফরহাদের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। এছাড়া দুপুরে সেনবাগে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন লাইলা বেগম (৩২) নামের এক গৃহবধূ।

বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জে কাঠবোঝাই ট্রলি উল্টে নিহত চালক সুলতান আলী (৩০) দেওয়ানগঞ্জ উপজেলার বেলতৈল গ্রামের বিলাত মিয়ার ছেলে। জামালপুর-বকশীগঞ্জ সড়কের পাখিমারায় বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া ও শেরপুর : কাহালুতে বুধবার রাতে দুই মোটরবাইকের সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষক ও শেরপুরে ট্রাকচাপায় এক মোটরবাইক চালক নিহত হয়েছেন। নিহতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামের সামসুর রহমানের ছেলে ও ডিএস কেজি মাদ্রাসার শিক্ষক জুবায়ের রহমান মামুন (৩৮) এবং ঢাকার খিলগাঁও এলাকার আবদুল মোত্তালেবের ছেলে শাহাদত হোসেন (৫০)।

কালীগঞ্জ (গাজীপুর) : কালীগঞ্জের নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামে কাভার্ডভ্যান চাপায় নিহত বাইকচালক কলেজছাত্র মিরাজ আকন্দ (২০) ওই গ্রামের সাদিকুর রহমান আকন্দের ছেলে।

তিতাস (কুমিল্লা) : তিতাস উপজেলায় বৃহস্পতিবার পিকআপ-অটোরিকশা সংঘর্ষে ২ মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার মজিদপুর গ্রামের শ্রী নারায়ণ দাস (৪২) ও শ্রী লক্ষণ দাস (৪৫)।

বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কে জেলা সদরের কাশিপুরে বাসের ধাক্কায় নিহত মোটরসাইকেল চালক এবিএম জসিম উদ্দিন (৩৭) পটুয়াখালীর টেলিখালী এলাকার বাসিন্দা।

দৌলতখান (ভোলা) : দৌলতখানের উত্তর জয়নগর ইউনিয়নের আজিমুদ্দিননের ভোলা-চরফ্যাশন সড়কে বৃহস্পতিবার মোটরসাইকেল চাপায় নিহত বৃদ্ধের নাম আলী আকবর (৮০)। তিনি উত্তর জয়নগর ইউনিয়নের বাসিন্দা।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : শায়েস্তাগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত স্কুলছাত্রী নওশিন আক্তার (৭) মাধবপুরের দুর্গানগর গ্রামের এনজিও কর্মকর্তা মোশারফ হোসেন তুহিনের মেয়ে ও স্থানীয় সাফওয়ান স্কুলের ১ম শ্রেণির ছাত্রী। পৌরসভা ভবনের সামনে বৃহস্পতিবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

সিংগাইর (মানিকগঞ্জ) : সিংগাইরের বায়রার বাইমাইলে বৃহস্পতিবার কাভার্ডভ্যান চাপায় নিহত মো. শাহ আলম (৩৫) সাটুরিয়া উপজেলার চরতিল্লী গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *