পাথেয় রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বুধবার দুপুরে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।
রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি প্রধানমন্ত্রী ছাত্রলীগের কমিটি থেকে ‘বিতর্কিত’দের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন৷ নেত্রীর নির্দেশ অনুযায়ী এক সপ্তাহের মধ্যে একটি তদন্ত কমিটি করে হামলায় জড়িত ও বিতর্কিতদের বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সেসব পদ শূণ্য ঘোষণা করা হবে।’
শোভন আরও বলেন, কমিটি নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিচ্ছেন ও অভিযোগ করছেন তাদেরকে বলবো, আপনারা সেসব তথ্য আমাদেরকে দিন আমরা ব্যবস্থা নেবো।
ছাত্রলীগ সভাপতি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ‘বিতর্কিত’দের ব্যাপারে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাই করার নির্দেশ দিয়েছেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তাঁদের সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি৷ যাঁদের বিরুদ্ধে খুনের মামলা আছে, যাঁরা বিবাহিত, মাদক ব্যবসার সঙ্গে যাঁদের সংশ্লিষ্টতা আছে কিংবা যাঁদের পরিবার বিএনপি-জামায়াত ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত, তাঁদেরও কমিটি থেকে অব্যাহতি দিতে বলেছেন তিনি৷
ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘ঘোষিত কমিটিতে যারা রয়েছে তাদের বিরুদ্ধে কেউ প্রমাণসহ লিখিত অভিযোগ উপস্থাপন করলে তাদের কমিটি থেকে বাদ দিতে আপা (প্রধানমন্ত্রী) আমাদের নির্দেশনা দিয়েছেন। কেউ যদি উপযুক্ত প্রমাণসহ অভিযোগ দেন তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। তবে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে কোনো অভিযোগ উপস্থাপন করেননি।’
গোলাম রাব্বানী বলেন, ‘আপার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সঙ্গে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আমরা সাক্ষাৎ করেছিলাম। তারা প্রধামন্ত্রীর কাছে অভিযোগ করেছেন যে তাদের সর্মথনকারীদের কমিটিতে রাখা হয়নি। এর জবাবে আপা আমাদের পক্ষে কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন ‘সাবেকদের অনুসারীদের ৯০ জনকে রাখা হয়েছে, যা ৩০১ সদস্যদের কমিটির জন্য অনেক বেশি।’
এর আগে ছাত্রলীগের আংশিক কমিটি প্রকাশের প্রায় ১০ মাস পর গত সোমবার সংগঠনের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়৷ ওই দিন সন্ধ্যায় ৩০১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে অছাত্র, ছাত্রদলের কর্মী, বিবাহিত ও বিতর্কিতদের স্থান দেওয়া হয়েছে, এমন অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না-পাওয়া ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সংবাদ সম্মেলনে করতে গেলে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।এতে কয়েকজন নারী নেত্রীসহ ১০-১২ জন আহত হন।
নতুন কমিটিতে পদবঞ্চিত ছাত্রলীগ নেতা ও বিগত কমিটির কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক রাকিব হোসেন বলেন, ‘বিতর্কিতদের বাদ দিতে প্রধানমন্ত্রীর নির্দেশের বিষয়টি জানতে পেরেছি৷ নিজেদের মধ্যে আলোচনা করে আজ বুধবার রাতে আমাদের অবস্থান জানাব৷’
এদিকে এ হামলা’র ঘটনা তদন্তের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। আজ রাতে বা আগামীকাল বৃহস্পতিবার সকালের মধ্যেই তদন্তের প্রতিবেদন দফতর সেলে জমা হবে বলে জানিয়েছেন কমিটির সদস্য ও ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়।
এরআগে, ঘটনার দিন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ঘটনার দিন হতে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওেয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।


