ছুটি কাটিয়ে ঢাকায় ফিরলেন জেমি ডে

ছুটি কাটিয়ে ঢাকায় ফিরলেন জেমি ডে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এক মাসের অধিক সময় ছুটি কাটিয়ে বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। গত ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর সেখান থেকেই লন্ডন চলে গিয়েছিলেন জেমি।

দেশে যাওয়ার পর জেমিকে নিয়ে নানা ধরনের খবর ছড়িয়েছিল। এমন কি তার চাকরি নেই বলেও খবর চাউর হয়েছিল। শেষ পর্যন্ত ঢাকায় এসে জেমি প্রমাণ করলেন, বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে তিনিই আছেন।

ঢাকায় ফিরে জেমি ডে বলেছেন, ‘এখন আমাকে হোটেলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর আমি স্টেডিয়ামে গিয়ে লিগের ম্যাচ দেখব। ফেব্রুয়ারিতে শুরু করব জাতীয় দলের ক্যাম্প। আমাদের বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ বাকি আছে। তার জন্য প্রস্তুতি নিতে হবে।’

জেমির সঙ্গে কাতার থেকে দেশে গিয়েছিলেন তার সহকর্মীরাও। এর মধ্যে সহকারি কোচ স্টুয়ার্ট ওয়াটকিস ৭ জানুয়ারি ঢাকা এসেছেন। তিনি এখন হোটেলে আছেন। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে ওয়াটকিস মাঠে বসে লিগের খেলা দেখবেন।

১৮ জানুয়ারি শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। স্টুয়ার্ট ওয়াটকিস দ্বিতীয় পর্ব থেকে মাঠে বসে সাদ-তপুদের খেলা দেখতে পারবেন। জেমি দেখবেন তৃতীয় রাউন্ড থেকে।

আগামী মার্চ ও জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইয়ের বাকি ৩ ম্যাচের জন্য জাতীয় দল সাজাতে লিগ দেখে খেলোয়াড় পরখ করবেন জেমি ডে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *