পাথেয় টোয়েন্টিফোর ডটকম: দিল্লিতে ২০২০ সালের এক রক্তক্ষয়ী দাঙ্গায় এক যুবককে হত্যার অভিযোগে অভিযুক্ত ১১ জন মুসলিম যুবককে খালাস দিয়েছে এএসজে দিল্লি আদালত।
খালাসপ্রাপ্তদের মামলার তদারকি করেছেন জমিয়ত উলামা-ই-হিন্দের সভপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী কর্তৃক নিযুক্ত অ্যাডভোকেট আব্দুল গাফফার এবং সেলিম মালিক।
উত্তরাখণ্ডের এক যুবক কর্মী দিলবার নেগির মৃত্যুকে কেন্দ্র করে মর্মান্তিক দাঙ্গার পর আদালতের সিদ্ধান্ত আসে। নেগিকে একটি মিষ্টির দোকানে আক্রমণ করা হয়েছিল, যেখানে তাকে প্রথমে ক্ষত-বিক্ষত করা হয়েছিল এবং পরে পুড়িয়ে মারা হয়েছিল। পুলিশের অবহেলা এবং প্রকৃত অপরাধীদের ধরতে ব্যর্থতার কথা উল্লেখ করে আদালত অভিযুক্তদের অব্যাহতি দিয়েছেন।
এই রায়ের প্রতিক্রিয়ায় জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী আইনজীবীদের প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করে বলেছেন যে নির্দোষ ব্যক্তিরা শীঘ্রই ন্যায়বিচার পাবেন।
মাওলানা মাদানী দিলবর নেগির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি দুঃখপ্রকাশ করে বলেন, পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলি যদি সততার সাথে তাদের দায়িত্ব পালন করত তাহলে দিলবর নেগির মতো একজন যুবকের নৃশংস ও মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য দায়ী অপরাধীদের সঠিকভাবে চিহ্নিত করা যেত এবং নিরপরাধ ব্যক্তিদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হত না।
জমিয়ত উলামা-ই-হিন্দের আইনি বিষয়ের ইনচার্জ মাওলানা নিয়াজ আহমেদ ফারুকী জানিয়েছেন, সংগঠনের অবিরাম প্রচেষ্টার ফলে দিল্লি দাঙ্গার সাথে সম্পর্কিত ৩৩ জন ব্যক্তিকে খালাস দেওয়া হয়েছে। এবং ৫৮৪ ব্যক্তি বিচারের আগে জামিন পেতে সক্ষম হয়েছে।
সূত্র, জমিয়তে উলামায়ে হিন্দের অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি


