জম্মু-কাশ্মীরের বিধানসভায় হাতাহাতি

জম্মু-কাশ্মীরের বিধানসভায় হাতাহাতি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন ইস্যুতে বিধানসভায় হাতাহাতির ঘটনা ঘটেছে। কাশ্মীরের নবনির্বাচিত নেতারা অঞ্চলটির স্বায়ত্ত্বশাসন পুনর্বহালের বিষয়ে আইন প্রণয়নের কথা বললে, তীব্র বিরোধিতা করেন বিজেপির আইনপ্রণেতারা। এক পর্যায়ে মতবিভেদ হাতাহাতিতে রূপ নেয়।

বরাবরই জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসনের ঘোরতর বিরোধী বিজেপি সরকার। এমনকি, ২০১৯ সালে অঞ্চলটির বিশেষ অবস্থা স্বীকৃতি দিয়ে ৩৭০ অনুচ্ছেদও বিলোপ করে মোদি সরকার।

এবার, জম্মু-কাশ্মীরের বিধানসভায় নবনির্বাচিত ক্ষমতাসীন জোট ৩৭০ অনুচ্ছেদের পুনর্বহাল চেয়ে প্রস্তাব তোলে। বুধবার (৬ নভেম্বর) বিজেপির বিরোধিতার মধ্যেই কণ্ঠভোটে সে প্রস্তাব গৃহীত হয়।

তবে বৃহস্পতিবার এই প্রস্তাবের চরম বিরোধিতা করে ওঠেন মোদি সরকারের আইনপ্রণেতারা। এক পর্যায়ে এই বাকবিতণ্ডা হাতাহাতিতে গড়ায়। এ অবস্থায় বিধানসভায় নিয়োজিত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের সরিয়ে নিয়ে যান। স্পিকার অধিবেশন মূলতবি ঘোষণা করেন।

এবারও এই আইন পাসের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিজেপি নেতারা হুঁশিয়ার করেছেন ৩৭০ অনুচ্ছেদের পুনর্বহাল চেয়ে প্রস্তাব প্রত্যাহার না করা পর্যন্ত বিধানসভা চালাতে দেবেন না তারা। বিজেপি সরকারের মূল কিছু এজেন্ডার একটি হলো কাশ্মীরকে পুরোপুরিভাবে কেন্দ্র সরকারের আওতায় আনা।

১৯৪৭ সালের দেশবিভাগের সময় থেকেই বিবাদপূর্ণ একটি অঞ্চল জম্মু কাশ্মীর। ১৯৮৯ সাল থেকে বিভিন্ন সংগঠন অঞ্চলটির স্বাধীনতার জন্য আন্দোলন করে আসছে।

Related Articles