জাওয়াহিরি হত্যার ঘোষণাকে স্বাগত জানালো সৌদি

জাওয়াহিরি হত্যার ঘোষণাকে স্বাগত জানালো সৌদি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলায় আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন। গত রবিবার ড্রোনের মাধ্যমে ওই হামলা চালায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ। সোমবার (১ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জাওয়াহিরির মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তবে আল-কায়েদার পক্ষ থেকে গণমাধ্যমে এখনও তার মৃত্যুসংবাদ নিশ্চিত করা হয়নি।

জাওয়াহিরিকে হত্যার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। মঙ্গলবার (২ আগস্ট) ভোরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

বিবৃতিতে বলা হয়, আল-জাওয়াহিরিকে সন্ত্রাসবাদের শীর্ষ নেতাদের মধ্যে একজন হিসেবে বিবেচনা করা হয়, যারা যুক্তরাষ্ট্রে জঘন্য সন্ত্রাসী অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছিল। তারা সৌদি নাগরিকসহ বিভিন্ন জাতি ও ধর্মের হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে।

এতে আরও বলা হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও নির্মূলে সহযোগিতা জোরদার করার এবং সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর জোর দিয়েছে সৌদি আরব।

সন্ত্রাসী সংগঠনের হাত থেকে নিরপরাধ মানুষকে রক্ষা করার জন্য সহযোগিতা করতে সব দেশকে আহ্বান জানানো হয় বিবৃতিতে।

২০১১ সালে পাকিস্তানে এক মার্কিন হামলায় ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আয়মান আল-জাওয়াহিরি আল কায়েদার দায়িত্ব নেন। তার আগে জাওয়াহিরিকে ওসামা বিন লাদেনের ডান হাত আর আল-কায়েদার মূল চিন্তাবিদ বলে গণ্য করা হত। অনেকে মনে করেন জাওয়াহিরিই ছিলেন ১১ সেপ্টেম্বর হামলার মূল রূপকার।

আল-কায়েদার শীর্ষ এই নেতার হত্যার ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকান নাগরিকদের বিরুদ্ধে হত্যা ও সহিংসতার কাজে দীর্ঘ সময় ধরে জড়িত ছিলেন আয়মান আল-জাওয়াহিরি। এখন ন্যায়বিচার করা হয়েছে এবং এই সন্ত্রাসী নেতা আর নেই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *