ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট ● জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি এলাকায় গতকাল বুধবার সকালে স্কুলছাত্রী দুই সহোদর বোনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ নিহত দুই বোনের মা তাছলিমা বেগমকে আটক করেছে।
নিহতরা হলো দেউলিয়াবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী শামীম হোসাইনের বড় মেয়ে ভাবনা আক্তার ও ছোট মেয়ে লুবনা
জানা গেছে, তছলিমা বেগম মঙ্গলবার রাতে বাড়িতে ছিলেন না। তার বড় মেয়ে ভাবনা আক্তার (১৪) ভোরের দিকে তাদের বাড়ির কাছেই তার বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউল ইসলাম জিয়ার কাছে ইংরেজি প্রাইভেট পড়তে গিয়েছিল। শিক্ষক জিয়াউল ইসলাম পুলিশ ও সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষার্থীদের অনুরোধে আধাঘন্টা পড়িয়েই ছুটি দেওয়া হয়। বাড়ি ফিরে কিছুক্ষণ পরেই তিনি ভাবনা আক্তার ও তার ছোট বোন লুবনা আক্তার (১০) খুন হওয়ার কথা জানতে পারেন। জামালপুর পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনা তদন্তের জন্য সিআইডির সহযোগিতা চেয়েছেন।
এদিকে পুলিশ জোড়া খুনের এই ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


