ঝাঁঝ কমেছে পেঁয়াজের, কেজি ২৫ টাকা
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পেঁয়াজের ঝাঁঝ কমেছে। নেমে এসেছে কেজি পঁচিশে। কয়েক দফা দাম কমে রাজধানীর বিভিন্ন বাজারে আমদানি করা পেঁয়াজের কেজি ২৫ টাকায় নেমেছে। তবে কিছুটা বেড়ে ফের ৫০ টাকা কেজি ছুঁয়েছে দেশি পেঁয়াজ।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, ‘রোজার ঈদের আগে পেঁয়াজের দাম কয়েক দফা বাড়ে। কিন্তু ঈদের পর থেকেই পেঁয়াজের দাম কমতে শুরু করে। তবে গত দু’দিনে দেশি পেঁয়াজের দাম কিছুটা বাড়লেও আমদানি করা পেঁয়াজের দাম আরও কমেছে।’
শনিবার (১৩ জুন) বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা, যা বৃহস্পতিবার (১১ জুন) ছিল ৪০ থেকে ৪৫ টাকা। এদিকে আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকা, যা বৃহস্পতিবার ছিল ৩০ থেকে ৪০ টাকা।
আমদানি করা পেঁয়াজের দাম কমার বিষয়টি উঠে এসেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনেও। টিসিবি জানিয়েছে, এক সপ্তাহে আমদানি করা পেঁয়াজের দাম ১৪ দশমিক ২৯ শতাংশ কমে ২৫ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে দেশি পেঁয়াজের কেজি আগের মতোই ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
গত বছরের সেপ্টেম্বরে ভারত রফতানি বন্ধ করলে দেশের বাজারে হু হু করে দাম বেড়ে পেঁয়াজের কেজি ২৫০ টাকা পর্যন্ত উঠে যায়। এরপর সরকারের নানামুখী তৎপরতায় পেঁয়াজের দাম কিছুটা কমলেও তা আর ১০০ টাকার নিচে নামেনি।
তবে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে পেঁয়াজ রফতানি বন্ধের নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত। ভারত রফতানি বন্ধের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর দেশের বাজারে দফায় দফায় কমতে থাকে পেঁয়াজের দাম। কয়েক দফা দাম কমে পেঁয়াজের কেজি ৪০ টাকায় নেমে আসে।
কিন্তু করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়লে মার্চের দ্বিতীয় সপ্তাহে আবার বেড়ে যায় পেঁয়াজের দাম। ৪০ টাকার পেঁয়াজ এক লাফে ৮০ টাকায় উঠে যায়। এ পরিস্থিতিতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মাঠে নামে ভোক্তা অধিদফতর ও র্যাব। পেঁয়াজের বাজারে চলে একের পর এক অভিযান। এতে আবারও দফায় দফায় দাম কমে পেঁয়াজের কেজি ৩০ টাকায় নেমে আসে।
তবে রোজার আগে আবারও অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। কয়েক দফা দাম বেড়ে রোজার শুরুতে পেঁয়াজের কেজি ৫৫ টাকায় পৌঁছে যায়। এরপর রোজার মাঝামাঝি সময়ে পেঁয়াজের দাম কিছুটা কমে ৪৫ টাকায় নেমে আসে। এ পরিস্থিতিতে ঈদের আগে আবার দাম বেড়ে ৫০ থেকে ৫৫ টাকা হয় পেঁয়াজের কেজি। তবে ঈদের পর দাম কমে পেঁয়াজের কেজি আবার ৪০ টাকায় নেমে আসে।


