ক্রীড়া ডেস্ক : সিলেটে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে চোটের কারণে অধিনায়ক সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা ছিল। টস করতে নেমে সেই শঙ্কা দূর করেছেন সাকিব। ম্যাচটা খেলছেন তিনি। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ।
এর আগে কখনই ক্রিকেটের তিন ফরম্যাটে একসঙ্গে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। কখনও টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ, হেরে গেছে টি-টোয়েন্টিতে। কখনও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে জিতেছে তো হেরে গেছে টেস্টে। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে বাগে পেয়েছে টিম টাইগার। টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়ের পর এবার সুযোগ টি-টোয়েন্টি সিরিজ জয়ের।
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই তাদের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার নিজেদের মাঠে স্বাভাবিকভাবেই অনেক কিছু নিজেদের পক্ষে থাকবে। তাছাড়া সর্বশেষ ১১ টি-টোয়েন্টিতে ৯টিই হেরেছে উইন্ডিজ। তাই প্রধান কোচ স্টিভ রোডস জানিয়েছেন, প্রথমবারের মতো ট্রেবল জয়ের কীর্তি গড়তে মাঠে নিজেদের উজাড় করে দেবে তার শিষ্যরা। এই সম্ভাবনায় ক্রিকেটাররা দারুণ রোমাঞ্চিত।
এ ম্যাচে বাংলাদেশ দলে তিনটি রদবদল ঘটেছে। একাদশে ঢুকেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, আরিফুল হক ও পেসার আবু হায়দার রনি। ছিটকে গিয়েছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন, স্পিনার নাজমুল ইসলাম অপু ও পেসার রুবেল হোসেন।
ওয়ানডের মতো প্রথম টি-টোয়েন্টিতেও ইনিংসের গোড়াপত্তন করবেন তামিম-লিটন। ওয়ানডাউনে সৌম্য সরকার, তারপর সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ ও আরিফুল। এর পরে মেহেদি হাসান মিরাজ। সাকিবের সঙ্গে বল ঘোরানোর দায়িত্বেও থাকছেন তিনি। পরে পেস অলরাউন্ডার সাইফ ও রনি। সবশেষে নামবেন মোস্তাফিজুর রহমান। অর্থাৎ থাকছেন চার পেসার। যেখানে নেতৃত্ব দেবেন কাটার মাস্টার।
উল্লেখ্য, বাংলাদেশ কখনও পূর্ণাঙ্গ সিরিজ জেতেনি। এবার ফুলস্কেলে সিরিজ জেতার অপেক্ষায় টাইগাররা। অর্থাৎ টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের দোরগোড়ায় তারা।
বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, শেই হোপ, শিমরন হেটমায়ায়র, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, কার্লোস ব্রাফেট (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, শেলডন কটরেল ও ওশান থমাস।

