ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড, সতর্কতা জারি

ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড, সতর্কতা জারি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। এ ঘটনায় গতকাল (মঙ্গলবার) শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৮ মার্চ হ্যাকাররা বিচারপতির ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রবেশ করে বিভিন্ন অপকর্মের আশঙ্কা সৃষ্টি করেছে। এ ঘটনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে চিঠি দেওয়া হয়েছে।

প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, “বিচারপতি হয়তো অসাবধানতাবশত প্রতারণামূলক লিংকে ক্লিক করেছেন বা অনুমোদনবিহীন কোনো অ্যাপ ডাউনলোড করেছেন, যার কারণে এই ঘটনা ঘটেছে। আপাতত মোবাইল ফোনটি নিরাপদ করা সম্ভব হলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।”

জানা গেছে, ১৭ মার্চ বিচারপতির মোবাইল ফোনে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়, কিন্তু তিনি তাৎক্ষণিক বুঝতে পারেননি। এর মধ্যেই হ্যাকাররা তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করে। পরে ২২ মার্চ বিচারপতি বিষয়টি প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে জানান। জোহা তার মোবাইল ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার অপসারণ করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানানো হয়েছে, ঘটনার পর প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Related Articles