ট্রেনে কাটা পড়ে গোপালগঞ্জে নিহত ৩

ট্রেনে কাটা পড়ে গোপালগঞ্জে নিহত ৩

পাথেয় রিপোর্ট : গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি রেলক্রসিংয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী তিন তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) গভীর রাতে কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় প্রতিনিধি।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গোপালগঞ্জ শহরের ইসলামবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার (২৫) ও মোহাম্মদপাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (১৯)। অপর তরুণের পরিচয় জানা যায়নি। তাঁর আনুমানিক বয়স ২০ বছর হবে।

পুলিশ ও এলাকাবাসী ধারণা করছে, নিহত যুবকরা সদর উপজেলার ভেন্নাবড়ি রেলক্রসিং পার হবার সময় রেলের নিচে কাটা পড়ে নিহত হয়। এ সময় তারা হয়তো শহরের দিকে বাসায় ফিরছিল। জানা গেছে, ওই রেল ক্রসিংটিতে কোন পাহারাদার ছিল না। ভেন্নাবাড়ি গ্রামের রাজু শেখ, কুদ্দুস মোল্লাসহবেশ কয়েকজন এলাকাবাসী অভিযোগ করে বলেন, এখানে পাহারাদার থাকলে এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটতো না। গোপালগঞ্জ- রাজশাহী রেললাইনে সব রেল ক্রসিংয়ে পাহারাদার বসানোর দাবি জানান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ১১টার দিকে গোপালগঞ্জে এসে পৌঁছায়। দুর্ঘটনাস্থলে একটি রেল ক্রসিং রয়েছে। ধারণা করা হচ্ছে, এই তিন যুবক মোটরসাইকেলে করে রেললাইন ক্রস করার সময় ট্রেনের নিচে কাটা পড়েছে। খবর পেয়ে পুলিশ ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *