ঢাবি ভর্তি পরীক্ষার ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

ঢাবি ভর্তি পরীক্ষার ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার এ ফলাফল ঘোষণা করেন।

এ বছর ‘ক’ ইউনিটে আবেদন করেছিলেন ১ লক্ষ ১৭ হাজার ৯৫৭ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৯৪ হাজার ৫০৫ জন। পাস করেছেন মাত্র ১০ হাজার ১৬৫ জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৭৬ শতাংশ। বাকি ৮৯ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, মোট এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করলেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয় ৯৪ হাজার ৫০৯ জন। এমসিকিউ ও লিখিত পরীক্ষায় সমন্বিতভাবে ১০ হাজার ১৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।

‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ১২০ নম্বরের মধ্যে ১১৭ দশমিক ৭৫ পেয়ে মেধা তালিকার প্রথম স্থানে আছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা মেফতাউল আলম সিয়াম। চিটাগং কলেজ থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ আসিফ করিম ১১২ দশমিক ৭৫ নম্বর পেয়ে দ্বিতীয় এবং খুলনা পাবলিক কলেজ থেকে আসা নিত্য আনন্দ বিশ্বাস ১১১ দশমিক ৯৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন।

গত ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *