পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল সাগরে ঢেউয়ের তোড়ে চট্টগ্রামের আনোয়ারা ও পতেঙ্গা সমুদ্র সৈকতে একটি কয়লাবাহী বার্জ ও দুটি লাইটার জাহাজ আটকে গেছে।
বৃহস্পতিবার (২৯ মে) রাত ও শুক্রবার (৩০) বেলা ১১টার দিকে আলাদা তিনটি স্থানে এসব ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে সাগরে কয়লা পরিবহনকারী একটি বার্জ ঢেউয়ের তোড়ে আনোয়ারার গহিরা উপকূলে আটকে যায়। তবে বার্জটিতে কোনো কয়লা ছিল না।
এদিকে, পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া এলাকায় এলপিজি সোফিয়া ও এমভি আল হেরান নামে দুইটি লাইটার জাহাজ সৈকতে আটকে গেছে। আটকে পড়া এসব জলযান দেখতে ভিড় করেছে স্থানীয়রা।
আনোয়ারার অধিবাসী ও ব্যাংক কর্মকর্তা আজাদ মঈনুদ্দীন জানান, বৃষ্টির মধ্যে জাহাজ আটকে যাওয়ার খবর দেখে দেখতে এসেছি। এই উপকূলে আগেও এমন ঘটনা ঘটেছে।
ভারি বৃষ্টির সাথে ঝড়ো বাতাসের কারণে সমুদ্র এখনও উত্তাল রয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম থেকে হাতিয়া ও সন্দ্বীপগামী সব নৌযান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সন্দ্বীপের স্পিডবোট চলাচলও।


