তারা আমাকে যোগ্য মনে করেনি : নাজমুল কাসেমী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিজের সহনশীলতার চাদরে ভর করে জামিয়া মাদানিয়া বারিধারা ত্যাগ করেছেন মাওলানা নাজমুল হাসান কাসেমী। চাপের মুখে মাদরাসা ছেড়ে যাওয়া মাওলানা নাজমুল হাসান কাসেমীর এই ক্ষত ঢাকতেই নূর হোসাইন কাসেমী তনয় জাবের কাসেমীকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, রাজধানীর অন্যতম কওমি মাদরাসা জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় মাদরাসাটির সাবেক নায়েবে মুহতামিম ও আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর ইন্তেকালের পর ভারপ্রাপ্ত মুহতামিম নিয়োগ পাওয়া মাওলানা নাজমুল হাসান কাসেমী আর নেই। একই সঙ্গে আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর ছোট সন্তান মাওলানা জাবের কাসেমীকে মাদরাসার মুহাদ্দিস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) বাদ এশা বারিধারা মাদরাসায় মজলিসে ইলমীর সর্বসম্মতিক্রমে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় মাদরাসার মজলিসে ইলমীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
একটি সূত্র জানিয়েছে, মাওলানা উবায়দুল্লাহ ফারুক প্রথমে এ সিদ্ধান্তে স্বাক্ষর করতে চাননি। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত করতে তিনি স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।
এদিকে নীরব থাকতে চেয়েছেন মাওলানা নাজমুল হাসান কাসেমী। তিনি কোনো মন্তব্য করতে চানি। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, তারা আমাকে যোগ্য মনে করেনি। সুতরাং আমার কোনো ক্ষোভ নেই। আল্লাহ তায়ালার উপর ছেড়ে দিয়েছি সব।
বিভিন্ন মহল থেকে পুনরায় মাদরাসায় ফিরিয়ে নেওয়ার কথা বললে তিনি বলেন, আমি এটা নিয়ে আর কিছুই বলতে চাই না, অন্য জায়গা থেকে জেনে নিন। আমি বিষয়টি আল্লাহর হাওয়ালা করে দিলাম।


