পাথেয় টোয়েন্টিফের ডটকম : আন্তর্জাতিক সব ধরনের বাণিজ্যিক বিমান এক সপ্তাহের জন্য বাতিল করেছে সৌদি আরব। তবে যেসব বিমান এরই মধ্যে গন্তব্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, তাদের ছাড় দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, স্থলবন্দর ও সমুদ্রবন্দর দিয়ে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসের নতুন ধরনের উদ্ভবের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমান চলাচল বন্ধ থাকলেও বিশেষ বিবেচনায় নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অনুমতি দেওয়া যেতে পারে। ইউরোপের দেশ কিংবা করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে থাকা কোনো দেশ থেকে গত ৮ ডিসেম্বরের পর সৌদিতে প্রবেশ করে থাকলে বাধ্যতামূলক দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হবে।
যেদিন তারা সৌদি আরবে প্রবেশ করেছেন, ওইদিন থেকেই কোয়ারেন্টিনের দিন শুরু হবে। আর সেল্ফ আইসোলেশনে থাকার এই সময়ের মধ্যেই করোনা পরীক্ষা করে নিতে হবে। প্রতি পাঁচদিন অন্তর অন্তর এই পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হতে হবে।
গত তিন মাসের মধ্যে যারা ইউরোপের দেশ কিংবা করোনায় উচ্চ ঝুঁকির দেশ থেকে সৌদি আরবে গেছেন, সবার করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
সূত্র: খালিজ টাইমস


