তেত্রিশ এসএসসি পরীক্ষার্থী নিয়ে বাস খাদে!
পাথেয় টোয়েন্টিফোর ডটকম (উপজেলা প্রতিনিধি, সাভার) : সকালে কুয়াশা কি এতই বেশি ছিল যে গাড়ি চালাতে কষ্ট হচ্ছিলো ড্রাইভারের? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষাটা দিতে যাচ্ছিল শিক্ষার্থীরা। কিন্তু ড্রাইভারের অসতর্কতার কারণে রাস্তায় বাসই উল্টে গেলো। ঘটনাটি ঘটেছে ঢাকার ধামরাইয়ে সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক সড়কের ভাটুলিয়া এলাকায়। ৩৩ জন এসএসসি পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক নিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এই বাস। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে শিক্ষার্থীদের উদ্ধার করে পরীক্ষার কেন্দ্রে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় এসএসসির ৩৩ জন পরীক্ষার্থী, এক শিক্ষক ও ৪ জন অভিভাবকসহ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে তিনজন পরীক্ষার্থী আহত হয় বলে জানা গেছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সবাইকে উদ্ধার করা হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক অভিভাবক আহত হয়েছেন বলে জানান তিনি।


