পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিজানে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন জামিআ ইকরার প্রাক্তন ছাত্র আল আমিন শাহ । স্থানীয় সময় শুক্রবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে।
আল আমিন শাহ ২০২১ সালে জামিআ ইকরা থেকে তার পড়াশোনা শেষ করেন। ভাগ্য পরিবর্তনের আশায় পাঁচ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু নির্মম পরিণতির শিকার হয়ে প্রবাসেই প্রাণ হারাতে হলো তাকে।
প্রবাসী বাংলাদেশিরা জানান, শুক্রবার রাতের দিকে রাস্তার পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তার চোখ চিহ্ন পাওয়া গেছে।
নিহতের পরিবারের সদস্যরা শোকে পাথর হয়ে গেছেন। তার মা ফুল মেহের কান্নাজড়িত কণ্ঠে বলেন, “শুক্রবার রাতে আমার বাপজান ফোন করে বলল, ‘মা, আমি গাড়ি নিয়ে বের হয়েছি, কাজ শেষে আবার কথা বলব।’ কে জানত, এটাই তার শেষ কথা হবে!”
নিহতের মরদেহ দ্রুত দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) জানিয়েছে, তারা পরিবারকে সহায়তা দেবে এবং হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে কাজ করবে।
সৌদি কর্তৃপক্ষ এখনও হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে প্রবাসীরা দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।


