পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘দেশে কোনো ধরনের সঙ্কট নেই বরং সংকটে রয়েছে বিএনপি নিজেই। নিজেদের ব্যর্থতা আড়াল করতেই তারা দেশের সঙ্কটের কথা বলছে।’
রোববার (১৩ জুন) নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ‘দেশ এখন সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে’-এর জবাব দিতে গিয়ে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ক্ষমতায় যেতে বিএনপি এখন মিথ্যাচার ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। প্রতিদিনই তারা নিয়ম করে মিথ্যাচার করে বেড়ায়। দেশ সংকটে আছে, এটা সেই মিথ্যাচারের অংশ।
‘নেতাদের লাগাতার অপরিণামদর্শী আচরণ আর বক্তব্যের কারণে বিএনপির সাধারণ কর্মী-সমর্থকরা মুখ ফিরিয়ে নিয়েছে। এখন আন্দোলনের ডাক দিলেও তারা ঘর থেকে বের হয় না। তাই দলটির সব তর্জন-গর্জন এসে থেমেছে মিথ্যাচারের মধ্যে।’ বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতায় যেতে বিএনপি যুদ্ধের ডাক দিয়েছে। একটা গণতান্ত্রিক দেশে এমন ডাক ফ্যাসিবাদী মানসিকতার পরিচায়ক। গণতন্ত্রের প্রতি ন্যূনতম সম্মান থাকলে কেউ এভাবে মন্তব্য করতে পারে না। বিএনপি দেশে গণতন্ত্রও চায়, আবার জোর করে সরকারকে নামাতে চায়- এটা হাস্যকর এবং দ্বিমুখী আচরণ।’
গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত তারা। যদি তারা নির্বাচনে জেতার গ্যারান্টি পায়, তাহলেই নির্বাচন কমিশন ভালো। দুর্নীতি দমন কমিশন যদি তাদের নেতাকর্মীদের না ধরে তাহলে দুদক ভালো। আর যদি স্বার্থের বিপরীতে হয় তাহলে প্রতিষ্ঠানগুলো ভালো না।


