দেশে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও ১২ লাখ টিকা

দেশে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও ১২ লাখ টিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোভ্যাক্সের আওতায় সুইজারল্যান্ড, সুইডেন এবং নরওয়ে থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসেছে।

রবিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিন দেশের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে টিকাগুলো হস্তান্তর করেন।

নরওয়ে, সুইডেন এবং সুইজারল্যান্ড দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকার চালানটি বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দেশে পৌঁছেছে।

চালানে সুইডেনের দেওয়া ৫ লাখ ৩৫ হাজার ২০০, সুইজারল্যান্ডের ৪ লাখ ৪৬ হাজার এবং নরওয়ের ২ লাখ ৩৭ হাজার ৬০০ ডোজ টিকা রয়েছে। ইউনিসেফের তত্ত্বাবধানে টিকার চালান ও হস্তান্তরের আয়োজন করা হয়।

এক যৌথ বিবৃতিতে সুইডেন, সুইজারল্যান্ড এবং নরওয়ের রাষ্ট্রদূতরা বিশ্বব্যাপী মহামারিতে একটি কার্যকর বহুপাক্ষিক প্রতিক্রিয়ার গুরুত্ব তুলে ধরেন। তাছাড়া, বিশ্বের বিভিন্ন দেশে দ্রুততর সময়ে নিরাপদ এবং কার্যকর করোনাভাইরাস প্রতিরোধী টিকাগুলো পৌঁছে দেওয়ার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

কোভ্যাক্স সুবিধার আওতায় টিকা উপহারের পাশাপাশি ইউরোপের দেশ তিনটি বহুপাক্ষিক অ্যাক্সেস টু কোভিড-১৯ টুলস অ্যাক্সিলারেটর নামক উদ্যোগে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *