দেশে ফিরেছেন এরশাদ

দেশে ফিরেছেন এরশাদ

পাথেয় রিপোর্ট : চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ । বুধবার রাত ৯টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। জাপার প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী সাংবাদিকদের বলেন, এইচ এম এরশাদ সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাত নয়টার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে এরশাদকে স্বাগত জানান তার বিশেষ সহকারী এ বি এম রুহুল আমিন হাওলাদার, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের যুববিষয়ক উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁঞাসহ জাতীয় পার্টির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা।

এস এম ফয়সাল বলেন, জাতীয় পার্টির প্রধান এরশাদ এখন শারীরিকভাবে সুস্থ রয়েছেন। আশা করা হচ্ছে কাল (বৃহস্পতিবার) থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

এরশাদ গত ১০ ডিসেম্বর রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। এর আগে তিন দফায় দেশে ফেরার তারিখ পরিবর্তন হয় এরশাদের। সিঙ্গাপুর থেকে তাঁর গত ২০ ডিসেম্বর ফেরার কথা ছিল, এরপর তা পিছিয়ে ২২ ডিসেম্বর করা হয়, সেটাও পরিবর্তন হয়ে গত ২৪ ডিসেম্বরে ফেরার কথা ছিল তাঁর। শেষ পর্যন্ত ১৫ দিন পরে বুধবার রাতে দেশে ফিরলেন এরশাদ।

এরশাদ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। সাবেক এই রাষ্ট্রপতি ঢাকা-১৭ রংপুর-৩ আসন থেকে নির্বাচন করছেন। তিনি ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়াতে পারেন বলে গুজব রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *