পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে দেশে এক দিনে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে, যা গত ৮০ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৮ জুন ৫৪ জনের মৃত্যু হয়েছিলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৭৪৩ জন।
শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৪৫৪ জনের। পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৭৫০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯০ লাখ ৩৮ হাজার ৮৫২টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৪৯৩ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৪৬১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখ ৪৬ হাজার ৩ জন।
নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৮৭৮, ময়মনসিংহে ৫৯, চট্টগ্রামে ৪৭৮, রাজশাহীতে ৮৮, রংপুরে ২৬, খুলনায় ৮৫, বরিশালে ৩৬, সিলেটে ৯৩ জন রয়েছেন।
এছাড়া মৃত্যু ৬১ জনের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৩১ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ৩২, খুলনায় ৬, চট্টগ্রামে ১৩, রাজশাহীতে ৪, বরিশালে ২, সিলেটে ১, রংপুরে ২ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন। ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৭ হাজার ১৪৮ জন এবং নারী ৯ হাজার ৩৪৫ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩২ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৪, ৪১ থেকে ৫০ বছরের ৭, ৩১ থেকে ৪০ বছরের ৬ এবং ২১ থেকে ৩০ বছরের ২ জন রয়েছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।


