দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী, রাজশাহীর পুঠিয়ায় বিআরটিসি বাসের চাপায় ডাব বিক্রেতা, কুমিল্লায় লরিচাপায় রিকশাচালক ও ব্রাহ্মণপাড়া শ্রমিক এবং চট্টগ্রামের বাঁশখালীতে অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এছাড়া মুন্সীগঞ্জের গজারিয়া ও বরিশালের আগৈলঝাড়ায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
মাধবপুর (হবিগঞ্জ) : মঙ্গলবার রাত ৮টায় মাধবপুর উপজেলার মীরনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার গেইটঘর শাহপুরের আবদুর রশিদ মিয়ার ছেলে মাসুক মিয়া, ফরিদ গাজীর ছেলে জাহাঙ্গীর মিয়া ও সুরু মিয়ার ছেলে আবদুল মান্নান।
রাজশাহী ও পুঠিয়া : বুধবার সকালে পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেছে। নিহত আনারুল ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামের মখসেদ আলীর ছেলে।
কুমিল্লা ও ব্রাহ্মণপাড়া : বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজার (বিশ্বরোড) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আকবর আলীর ছেলে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরাবাজারে বুধবার সন্ধ্যায় ফোরলেনের উল্টোপথে বৈদ্যুতিক খুঁটি ঠেলাগাড়িতে করে নিয়ে আসার সময় ট্রাকের চাপায় জাহিদুল ইসলাম নামের এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত ও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বাঁশখালী (চট্টগ্রাম) : বাঁশখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল দাশ চকরিয়া উপজেলার সুধীর দাশের ছেলে।
গজারিয়া (মুন্সীগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার ভবেরচরে ২০ মিনিট ব্যবধানে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন। বুধবার বিকাল এ দুর্ঘটনাগুলো ঘটে। সড়ক দুর্ঘটনার পরপর ঢাকা ও কুমিল্লামুখী উভয় দিকে যান চলাচল বন্ধ রয়েছে।
আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় সাজন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার বাইপাসের কালুরপাড় এলাকায় বুধবার নসিমন উল্টে তারা আহত হন।


