দেশের ৭ জেলায় বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ

দেশের ৭ জেলায় বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বছরের দ্বিতীয় শৈত্য প্রবাহ বিস্তৃত হয়ে নতুন আরো একটি জেলায় ছড়িয়ে পড়েছে। ফলে বর্তমানে সাতটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ।

বুধবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এই অবস্থায় বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কিছু কিছু জায়গায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।

শুক্রবার নাগাদ রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *