পাথেয় রিপোর্ট : হযরত হোসাইন রাদ্বিয়াল্লাহু আনহুর শাহাদাতের দিনকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা আখ্যায়িত করে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, মহররমের দশ তারিখ আশুরার দিন পৃথিবীতে যতধরনের ঘটনা ঘটেছিল তা মুসলমানদের জন্যে আনন্দের। শুধু এই উম্মতের ক্ষেত্রে এসে তা ব্যতিক্রম হয়েছে। এই উম্মতের ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক ও পৈশাচিক ঘটনাটা ঘটেছিল কারবালায়।
আল্লামা মাসঊদ বলেন, কুফাবাসী মুনাফেকদের কথা অনেক সম্মানিত সাহাবীরা আঁচ করতে পেরে হযরত হোসাইন রাদ্বিয়াল্লাহু আনহু’কে কুফা যেতে নিষেধ করেছিলেন। তারপরেও হোসাইন রাদ্বিয়াল্লাহু আনহু কুফায় কেন গিয়েছিলেন! ক্ষমতা লাভের জন্যে? রাষ্ট্র কায়েমের জন্যে? ইয়াজিদকে ধ্বংস করার জন্যে?
হযরত হোসাইন রাদ্বিয়াল্লাহু আনহু এসব কিছুর জন্যে কুফায় যাননি। হোসাইন রাদ্বিয়াল্লাহু আনহু গিয়েছিলেন দ্বীনের জন্যে। দ্বীনকে তার সঠিক মর্যাদায় রাখার জন্যে। রাসূল সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম এই উম্মতকে যেই দ্বীন ও যেই লেভেলের দ্বীনের উপর রেখে গিয়েছিলেন, উম্মত তার থেকে অনেক দূরে সরে গিয়েছিল। হোসাইন রাদ্বিয়াল্লাহু আনহু উম্মতের দ্বীনকে রাসূল সা. যেই দ্বীনের উপর রেখে গিয়েছিলেন সেই দ্বীনের লেভেলে নিয়ে যাওয়ার জন্যে কুফার দিকে রওয়ানা হয়েছিলেন। হোসাইন রা.এর কাছে সবকিছুর চাইতে দ্বীন বড় ছিল।
২১ আগস্ট শুক্রবার রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ কমপ্লেক্স জামে মসজিদে জুমার বয়ানে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
আল্লামা মাসঊদ বলেন, হযরত হোসাইন রাদ্বিয়াল্লাহু আনহুর শাহাদত, তাঁর রক্ত, আমাদের এই শিক্ষা দেয়- সবকিছু বিলিন করে হলো দ্বীনকে সমুন্নত রাখবে। দ্বীনের মর্যাদা বৃদ্ধি করবে। রাসূল সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম এই উম্মতকে যেই লেভেলের দ্বীনের উপর রেখে গিয়েছিলেন, উম্মতকে সেই লোভের দ্বীনের উপর নিয়ে আসার চেষ্টা করবে।
আল্লামা মাসঊদ বলেন, বিশ্বব্যপি মুসলমানরা জুলুম-নির্যাতনের শিকার। পৃথিবীতে অশান্তি বিরাজ করছে। এই সবকিছুর মূল হলো, আমাদের কাছে এখন দুনিয়া বড়। আমি বড়। দ্বীনের কোন মূল্য নেই। সবকিছুর চাইতে দ্বীনকে বড় মনে করলে, দ্বীন অনুযায়ী চললে, পৃথিবীতে আবার সাহাবায়ে কেরামের যুগ ফিরে আসবে।
মসজিদে উপস্থিত মুসল্লিরদের উদ্দেশ্যে আল্লামা মাসঊদ বলেন, মর্যাদাবান ও সম্মানী হতে হলে নিজের সবকিছুর চাইতে দ্বীনকে বড় মনে করবে।
গ্রন্থনা : আদিল মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির


