পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ জারি করেছে ইসলামাবাদ হাইকোর্ট। হাজির না হলে তাকে পলাতক আসামী ঘোষণা করা হবে বলেও শনিবার জানিয়ে দিয়েছে হাইকোর্ট।
সম্প্রতি লন্ডনে নিজ বাসভবনে আদালতের জারি করা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন সাবেক এই পাকিস্তানি প্রধানমন্ত্রী। আর তাঁর সেই আচরণে বেজায় ক্ষুব্ধ হয়েই এদিন হাইকোর্টের পক্ষ থেকে এমন নির্দেশ দেওয়া হয়েছে।
ইসলামাবাদ হাইকোর্টের রেজিস্ট্রার আল-আজিজিয়া স্টিল মিল এবং অ্যাভেনফিল্ড গ্রাফ্ট দুর্নীতি মামলায় পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের আপিলের কার্যক্রম নিয়ে একটি লিখিত আদেশ জারি করেছেন।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগের সাবেক সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ দীর্ঘ কারাবাস ভোগের পরে উন্নত চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়ে গত নভেম্বরে লন্ডনে যান। তখন থেকে তিনি লন্ডনেই অবস্থান করছেন।
সম্প্রতি আরেক সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ভুট্টোর ডাকা বিরোধী দলগুলির বৈঠকে যোগ দিয়ে ইমরান খান সরকারের তোপে পড়েছেন নওয়াজ শরীফ। রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ায় গত ৫ অক্টোবর তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। মামলায় শরিফের বিরুদ্ধে জামিন আযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
গত ৭ অক্টোবর লন্ডনে পাকিস্তান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (কনস্যুলার অ্যাফেয়ার্স) দিলদার আলী আব্রো এবং কনস্যুলার অ্যাটিচি রাও আবদুল হান্নান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ-১ বিভাগের পরিচালক মোহাম্মদ মুবাশির খান আদালতে জানান, নওয়াজ শরিফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনের কর্মীরা গ্রেপ্তারি পরোয়ানা নিতে অস্বীকার করেন।
এদিন ইসলামাবাদ হাইকোর্ট নওয়াজ শরিফকে ২৪ নভেম্বরের মধ্যে হাজির হতে বলেছে, নইলে তাকে পলাতক অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে। এই ঘোষণার ফলে সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি পাসপোর্টও হারাতে হতে সাবেক এই পাকিস্তানি প্রধানমন্ত্রীকে।
সূত্র : এনডিটিভি


