ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে গোলাম মোর্শেদ (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও দু’জন।
রোববার (২৪ জুন) দুপুরের দিকে উপজেলার নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের ভোলাচং গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মোর্শেদ ওই গ্রামের আওয়াল সিকদারের ছেলে। সে ভোলাচং উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার জানান, দুপুরের দিকে ওই সড়কের ভোলাচং গ্রামে অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক স্কুলছাত্র মোর্শেদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত দু’জন ওই কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।


