পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঝালকাঠির নলছিটি উপজেলার সেওতা গ্রামের খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খাল থেকে দুজনের লাশ উদ্ধার করে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মারা যাওয়া দুই শিশু হলো সেওতা গ্রামের শহিদ খানের মেয়ে রজিফা (৭) ও মো. সোহেলের ছেলে আল আমিন (৬)।
বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নেতা হুমায়ুন কবির জানান, আজ দুপুরে বাড়ির পাশে রজিফা ও আল আমিন খেলছিল। খেলার একপর্যায়ে আল আমিন খালের পানিতে পড়ে তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে, তাকে রক্ষার জন্য এগিয়ে গিয়ে রফিজাও পানিতে ডুবে যায়। দুজনই নিখোঁজ ছিল। খোঁজাখুঁজির সময় খালের পানিতে জুতা ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা নলছিটি ফায়ার সার্ভিসে খবর দেন। পরে বরিশালের ডুবুরি দল এসে সন্ধ্যায় দুজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।


