পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতবর্ষের স্বরাষ্ট মন্ত্রণালয়ের নাগরিক নিবন্ধীকরণের রেজিস্ট্রার জেনারেল তথ্য সেনসাস কমিশনার বিবেক ষোশি কর্তৃক জারি করা সাম্প্রতিক এক নোটিফিকেশন দেশজুড়ে হইচই ফেলে দিয়েছে। আগামি ১ লা এপ্রিল ২০২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে নাগরিক নিবন্ধীকরনের কাজ চলবে। এমত অবস্থায় এনআরসি ও জনগণনা বিষয়ে শলা-পরামর্শ ও আগামি দিনের রোড ম্যাপ স্থির করার জন্য কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক করলেন জমিয়তে উলামা হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।
শুক্রবার (২৩ আগস্ট) জমিয়তে উলামা হিন্দের রাজ্য সভাপতি কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবীদের সঙ্গে এ বৈঠক করেন।
বৈঠক শেষে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ৪০ বছর ধরে জমিয়তে উলামা হিন্দ আসামের নাগরিক সমস্যা নিয়ে কাজ করে চলছে। ৫০ লক্ষ টাকা ব্যায় করে সুপ্রিমকোর্টে জমিয়তে উলামা হিন্দ মজলুম মানুষদের পক্ষে কেস লড়ছে।
জমিয়তে উলামা হিন্দের রাজ্য সভাপতি বলেন, পশ্চিমবঙ্গে প্রকৃত ভারতবাসীদেরকে এনআরসি নাম নিয়ে হয়রানি করা হয় তাহলে জমিয়তে উলামা পূর্ণ শক্তি দিয়ে পাশে থাকবে।
হাইকোর্টের সিনিয়র আইনজীবীদের সঙ্গে এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান আনসার মন্ডল, সৈয়দ শামসুল আরিফিন, এম আব্দুস সামাদ, রফিকুল ইসলাম, সুধাধর আদক, সৌম্মতি মিত্রসহ ২০ জন বর্ষীয়ান আইনজ্ঞ উপস্থিত ছিলেন।
এদিকে ভারতের মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামা হিন্দের আমান (শান্তি) ও একতা সম্মেলন ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
দেশে ধর্ম ও জাতীয়তাবাদের মুখোশ পরে যেভাবে ঘৃণা-বিদ্বেষ ছড়ানো হচ্ছে তাঁর প্রতিবাদে শান্তি-সম্প্রীতির বার্তা দিতে আগামী ১৭ ই সেপ্টেম্বর ২০১৯, বহরমপুর রবীন্দ্রসদনে এক সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামা হিন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি হযরত মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী।


