পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নাগরিকত্ব সংশোধনী আইনের উপর স্থগিতাদেশ জারির প্রত্যাশা করছিল দেশ। কালাকানুনটি নিয়ে ভারতজুড়ে চলছে প্রতিবাদ। তবু সে রাস্তায় হাঁটল না সুপ্রিম কোর্ট। বিতর্কিত আইনের বিরুদ্ধে শীর্ষ আদালতে জমা হওয়া ১৪৩টি আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের কাছে পাঠাল তাঁরা।
প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে গঠিত বেঞ্চ জানিয়েছে, নাগরিকত্ব আইনে স্থগিতাদেশ জারি হবে কি না সে বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশ দেবে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। বুধবার (২২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানায়, কেন্দ্রীয় সরকারের এ বিষয়ে কী প্রতিক্রিয়া তা না জেনে কোনও স্থগিতাদেশ জারি করতে রাজি নন তাঁরা। কেন্দ্রকে জবাব দেওয়ার জন্যে আরও ৪ সপ্তাহ সময় দেয় সুপ্রিম কোর্ট।
আইনজীবী কপিল সিব্বল বিরোধীদের হয়ে সওয়াল করতে উঠে আদালতের বেঞ্চকে সিএএ-র বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করার আবেদন করেন। পাশাপাশি যতদিন না পর্যন্ত এই মামলার কোনও সিদ্ধান্ত হয় ততদিন পর্যন্ত জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণের (NPR) কাজ স্থগিত করারও আহ্বান জানান তিনি।


