নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর নেতৃত্ব বিকাশে নানামুখী পদক্ষেপ গ্রহণ করায় নারীরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। বর্তমান সংসদে ৭২ জন নারী সংসদ সদস্য রয়েছেন- যার মধ্যে ২২ জন সরাসরি এবং ৫০ জন সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত। তিনি বলেন, বাংলাদেশে নারী ও শিশুদের জন্য প্রত্যেক মন্ত্রণালয়ে আলাদাভাবে বাজেটে বরাদ্দ থাকছে। যার সুফলভোগীরা উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো মঙ্গলবার তার সংসদের কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। এ সময় তারা বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন, সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়া, নারীর ক্ষমতায়ন, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। স্পিকার বলেন, ইউএনডিপি দীর্ঘ সময় থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী। সংসদ সদস্য ও সংসদের কর্মকর্তা কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপি বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে অতীতে যেমন প্রকল্পভিত্তিক কাজ করেছে তেমনি বর্তমানেও নতুন কর্মসূচিভিত্তিক সমঝোতা চুক্তির আওতায় কাজ করে যাচ্ছে।
তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ইউএনডিপির সহযোগিতার প্রশংসা করেন এবং আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জাতিসংঘ আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশে সংসদ, প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ পদে নারী সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন যা উৎসাহব্যঞ্জক। বাংলাদেশকে তিনি নারীর ক্ষমতায়নের রোল মডেল বলে অভিহিত করেন।


