নয়াসড়ক মসজিদের মিনার ভেঙে সড়কে, আহত ১

নয়াসড়ক মসজিদের মিনার ভেঙে সড়কে, আহত ১

পাথেয় রিপোর্ট : সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় নয়াসড়ক জামে মসজিদের পুনর্নির্মাণ কাজ চলাকালে মিনার ভেঙে পড়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরের এ ঘটনায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া একটি সিএনজিচালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হওয়ারও খবর পাওয়া গেছে।

পুলিশ এ ঘটনায় সিলেট সিটি করপোরেশনের এক এক্সকেভেটর চালককে আটক করেছে।

স্থানীয় সূত্র জানায়, সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় ও নয়াসড়ক পঞ্চায়েত কমিটির উদ্যোগে নয়াসড়ক জামে মসজিদের পুনর্নির্মাণ কাজ চলছে। চলমান কাজের অংশ হিসেবে সোমবার সকালে মসজিদের মিনার ভাঙার কাজ শুরু হয়। এক পর্যায়ে হঠাৎ মিনারটি ভেঙে রাস্তায় পড়ে। এতে একজন মোটরসাইকেল আরোহী আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মিনারটি রাস্তার ওপর থেকে সরানোর কাজ চলছে।

সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, এক্সকেভেটর চালক কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা না নিয়েই কাজ শুরু করেন। পুলিশকেও বিষয়টি অবগত করা হয়নি। তার ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে। এ কারণে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

তিনি জানান, আহত ব্যক্তির নাম জানা যায়নি। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *