পতাকা বৈঠক করে নাগরিকদের ফেরত নিলো বিজিবি-বিএসএফ

পতাকা বৈঠক করে নাগরিকদের ফেরত নিলো বিজিবি-বিএসএফ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দিনাজপুরের বিরল উপজেলার কারুলিয়াপাড়া সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়ে নিজেদের দুই নাগরিককে ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের জিরো লাইনে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। দিনাজপুর ৪২, বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, বিএসএফ বিরল উপজেলার করুলিয়াপাড়া গ্রামের এনামুল হক (৫৫) ও মাসুদকে (২৭) ফিরিয়ে দিয়েছেন। বিজিবি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের বাসিন্দা অবিনাথ টুডু (২৫) ও ফিলিপ সরেনকে (৩৫) ফেরত দিয়েছে।

এর আগে অভিযোগ ওঠে, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কারুলিয়াপাড়া সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যান বিএসএফের সদস্যরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক এনামুল ও মাসুদসহ আট থেকে ১০ জন বাংলাদেশি কৃষক ওই সীমান্ত এলাকার জিরো লাইনের কাছে বাংলাদেশ ভূখণ্ডে ধান কাটছিলেন। এক পর্যায়ে তারা ভারতের ভেতরে প্রবেশ করেন। সে সময় ৯১ বিএসএফ ব্যাটালিয়নের কাঁটাবাড়ি ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে এবং এনামুল ও মাসুদকে আটক করে ভারতের ভূখণ্ডে নিয়ে যায়। তবে বাকি কৃষকরা বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন।

এর প্রতিবাদে ক্ষুব্ধ কিছু বাংলাদেশি গ্রামবাসী সীমান্তের জিরো লাইনের কাছে কৃষিকাজে আসা দুই ভারতীয় নাগরিককে ধরে বিজিবির স্থানীয় ধর্মজান ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করে।

বিষয়টি সমাধানে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠক আহ্বান করা হয়।

Related Articles