পবিত্র ঈদে মিলাদুন্নবী বুধবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী বুধবার

পাথেয় রিপোর্ট : অাগামীকাল ২১ নভম্বের বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে আগামীকাল।

হিজরি বর্ষের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। গত ১০ নভেম্বর থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে।

দিনটি উদযাপন উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- জশনে জুলুস (ধর্মীয় শোভাযাত্রা), আলোচনাসভা, হামদ ও নাতে রাসূল পরিবেশন, কোরআন তেলওয়াত ও মিলাদ মাহফিল।

এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন মঙ্গলবার থেকে পক্ষকালব্যাপী নানা আয়োজন করছে। মঙ্গলবার এশার নামাজের পর ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান ও ঢাকার মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাক আল আযহারী।

২০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত প্রতিদিন মাগরিবের পর থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দেশবরেণ্য পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম মাহফিলে বয়ান করবেন।

ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতার যৌথভাবে ২১ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর সেমিনার আয়োজন করবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মিলনায়তনে আসরের পর অনুষ্ঠেয় ওই সেমিনার রেকর্ডিং করে বাংলাদেশ বেতার ‘ক’ কেন্দ্র থেকে প্রতিদিন রাত ১০টা ১৫ মিনিটে প্রচার করা হবে।

২০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর সাহানে ইসলামি ক্যালিগ্রাফি, মহানবী (সা.)-এর জীবনীভিত্তিক পোস্টার ও বই প্রদর্শনী হবে। প্রতিদিন দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এ প্রদশর্নী খোলা থাকবে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ২০ নভেম্বর থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা হবে। মেলায় কোরান-হাদিসসহ বিভিন্ন ইসলামি বই বিশেষ কমিশনে পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

স্কুল, কলেজ, আলিয়া ও কওমি মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী এবং অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধীদের মাঝে ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম মিলনায়তন ও বায়তুল মোকাররম মসজিদের নারী নামাজকক্ষে অনুষ্ঠেয় ওই প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে ক্বিরাত, হামদ-নাত, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) স্মরণিকা’ প্রকাশ করবে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রচার করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের নিয়মিত প্রকাশনা মাসিক ‘অগ্রপথিক’ ও ‘সবুজপাতা’ পত্রিকার পবিত্র মিলাদুন্নবী (সা.) সংখ্যা প্রকাশিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে আগামী ২৭ ও ২৮ নভেম্বর বাদ মাগরিব থেকে যথাক্রমে হামদ-না’ত ও ক্বিরাত মাহফিল অনুষ্ঠিত হবে। দেশবরেণ্য ক্বারী ও শিল্পীরা এতে অংশ নেবেন।

আগামী ১ ডিসেম্বর বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠের মাহফিল অনুষ্ঠিত হবে। দেশের খ্যাতিমান কবিরা এতে অংশ নেবেন।

ইসলামিক ফাউন্ডেশনের ৬৪টি জেলা ও বিভাগীয় কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন কেন্দ্র, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও ৫৫০টি উপজেলা জোন মডেল রিসোর্স সেন্টারে র্যা লি, সবিনা খতম, ওয়াজ ও মিলাদ মাহফিল, মহানবী (সা.)-এর জীবনীর ওপর সেমিনার, আলোচনাসভা এবং স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *