পশ্চিমবঙ্গে পৈতৃকভিটায় এরশাদ, চাইলেন তিস্তার পানি

পশ্চিমবঙ্গে পৈতৃকভিটায় এরশাদ, চাইলেন তিস্তার পানি

নিজস্ব প্রতিবেদক  ● ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আশা করি, নরেন্দ্র মোদির আশ্বাস অনুযায়ী, বাংলাদেশে শেখ হাসিনা সরকার থাকাকালেই ভারত-বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তির সমাধান হয়ে যাবে। গত রোববার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটায় পৈতৃক ভিটায় পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এসব কথা বলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।

সেখান থেকে কোচবিহারের দিনহাটায় পারিবারিক আত্মীয়দের বাড়িতে যান তিনি। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ বলেন, তিস্তা সম্বন্ধে আমি তেমন কিছুই বলতে চাই না। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ঢাকা সফরে গিয়েছিলেন, সে সময় তিনি বলেছিলেন, পবন (বাতাস), পানি আর পঞ্চি (পাখি) এদের কোনো বর্ডার নেই। কিন্তু এখন দেখছি, পবন আর পঞ্চির বর্ডার না থাকলেও পানির বর্ডার আছে। তবে মোদি কথা দিয়েছেন, বাংলাদেশের শেখ হাসিনা সরকার থাকাকালেই তিস্তার পানিবণ্টন চুক্তির সমাধান হবে। আমরা আশাবাদী।

বিশেষ করে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বিজেপির বিরাট জয়ের পর মোদির রাজনৈতিক সূত্র অনেক বৃদ্ধি পেয়েছে। তাই আমরা আশা রাখি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার কথা রাখবেন, যোগ করেন এরশাদ। এদিন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এরশাদের সঙ্গে ছিলেন তার ছেলে এরিক এবং জাতীয় পার্টির দুই শীর্ষস্থানীয় নেতা সুনীল শুভরায় ও রুহুল আমিন হাওলাদার। এদিন ভারতের দিনহাটায় স্থানীয় বিভিন্ন সংগঠনের তরফে এরশাদকে স্বাগত জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *