পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের সিন্ধ প্রদেশের সংখ্যালঘুদের জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ তুলেছেন সিন্ধি আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটির নির্বাহি পরিচালক ফাতিমা গুল। সিন্ধি আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটির আয়োজনে অনুষ্ঠিত একটি ওয়েবিনারে তিনি এমন অভিযোগ তুলেন।
এছাড়াও ওই ওয়েবিনারে পাকিস্তানের সিন্ধ প্রদেশের জনগণের ওপর চালানো পাক সরকারের বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরা হয়।
আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেস সদস্য জেমি রাসকিন বলেন, এটা খুব ভয়াবহ যে কর্তৃত্ববাদী সরকারেরা লোকজনকে গুম করে দিচ্ছে। আমাদের এটাকে সামনে আনার জন্য যা করা দরকার তাই করতে হবে।
কানাডার হাউজ অব কমন্সের সাবেক সদস্য ডেভিড অ্যান্ডারসন বলেন, পাকিস্তানে ব্লাসফেমি আইনের প্রয়োগ সমানভাবে হয় না। যে কারো বিরুদ্ধে এই অভিযোগ আনা হয় এবং কোনো প্রমাণ ছাড়াই মামলায় অভিযুক্ত করা হয়।
সিন্ধি আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটির সদস্য জ্যাক মিনিউত্তি অভিযোগ করেন, পাকিস্তান সরকার সকল সংখ্যালঘুদের ভালো মুসলিমে রূপান্তরিত করার চেষ্টা করছে।
সিন্ধি আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটির আরেক সদস্য ক্যারি পিন্নিক বলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট মুহাম্মাদ জিয়া-উল-হকের শাসন আমল থেকেই সিন্ধ প্রদেশে জোর করে ধর্মান্তরিত করানো শুরু হয়েছে। এই পথ পাকিস্তান সরকার এখনো পর্যন্ত অনুসরণ করছে।
এ সময় আলোচকরা পাকিস্তানের সিন্ধ প্রদেশের জনগণকে সরকারের নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য বিশ্ববাসীকে এগিয়ে আসার আহবান জানান।


