পারকি সৈকতে পর্যটন কমপ্লেক্সের কাজ ডিসেম্বরেই শেষ হবে : উপদেষ্টা

পারকি সৈকতে পর্যটন কমপ্লেক্সের কাজ ডিসেম্বরেই শেষ হবে : উপদেষ্টা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শেখ বশির উদ্দীন বলেন, ‘পানি সমস্যাসহ নানা কারণে প্রকল্পের কাজে ধীরগতি ছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প পরিচালক আশ্বস্ত করেছেন, ডিসেম্বরের মধ্যেই সব অবকাঠামোগত কাজ শেষ হবে।’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে সৈকতে চলমান ‘পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন (২য় সংশোধিত)’ প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানিয়েছেন।

শেখ বশির উদ্দীন বলেন, ‘পানি সমস্যাসহ নানা কারণে প্রকল্পের কাজে ধীরগতি ছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প পরিচালক আশ্বস্ত করেছেন, ডিসেম্বরের মধ্যেই সব অবকাঠামোগত কাজ শেষ হবে।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান বলেন, ‘পারকি সমুদ্রসৈকতের পর্যটন কমপ্লেক্স একটি সম্ভাবনাময় প্রকল্প। সফল বাস্তবায়নের জন্য স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ এবং ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।

উল্লেখ্য, ২০১৮ সালে ১৩.৩৬ একর জমিতে ৬২ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শুরু হয়। প্রথম মেয়াদে অল্প অগ্রগতি হওয়ায় পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ব্যয় দাঁড়ায় ৭১.২৫ কোটি টাকা। তবে ধীরগতির কারণে প্রকল্প কর্তৃপক্ষকে আবারো মেয়াদ বৃদ্ধির আবেদন করতে হয়।