পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাইড শেয়ারিং, খাবার পৌঁছে দেওয়ার পর এবার নতুন সেবা নিয়ে এলো উবার। ঢাকায় পার্সেল ডেলিভারি সেবা ‘উবার কানেক্ট’ চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ঢাকাবাসীরা ঢাকার ভেতরে বসবাসরত প্রিয়জনের কাছে বিভিন্ন জিনিস পাঠাতে ও গ্রহণ করতে পারবেন। চাইলে ঢাকার বিভিন্ন দোকান থেকে বিভিন্ন পণ্য অর্ডার করতে পারবেন।
উবার কানেক্ট-এ সব পার্সেল হবে দুই চাকার গাড়িতে বহনযোগ্য। যা ওজনে ৫ কেজির বেশি হবে না। কোনো ধরণের নিষিদ্ধ পণ্য যেমন- অ্যালকোহল, মাদকদ্রব্য এবং বিপজ্জনক কিংবা অবৈধ জিনিস পাঠানো যাবে না। এই ডেলিভারি সেবাটি শুধুমাত্র পার্সেল পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
রাইডশেয়ারিং এর ট্রিপগুলোর মতোই গ্রাহকরা পার্সেল পিকআপ থেকে শুরু করে পণ্য রাস্তায় থাকার সময় এবং ডেলিভারি পাওয়া পর্যন্ত ট্রিপের অগ্রগতি পুরোটা দেখতে পাবেন। গ্রাহকরা প্রাপকের সাথেও পার্সেলের ডেলিভারি স্ট্যাটাস শেয়ার করতে পারবেন।
বাংলাদেশ ও পূর্ব ভারতের উবার প্রধান রাতুল ঘোষ বলেন, আমরা উবার কানেক্ট চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত। যা গ্রাহকদের এই সংকটের সময়ে ঘরে থেকেই তাদের বন্ধুবান্ধব ও পরিবার-পরিজনকে প্রয়োজনীয় জিনিসপত্র পাঠাতে বা গ্রহণ করতে এমনকি দোকান থেকে বিভিন্ন পণ্য অর্ডার করতেও সহায়তা করবে। এই সঙ্কটপূর্ণ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রাহকদের চাহিদা মেটাতে আমরা আমাদের প্ল্যাটফর্মটিকে যেভাবে প্রয়োজনের সাথে সাথে হালনাগাদ করেছি তারই এক উৎকৃষ্ট উদাহরণ উবার কানেক্ট। এটি আমাদের চালকদের নতুন উপার্জনের সুযোগ করে দেয়ার চলমান প্রয়াসেরও একটি অংশ।
জানা গেছে, উবার কানেক্ট সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া সকল নীতিমালা মেনেই কার্যক্রম পরিচালনা করবে। সকল চালকদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং ডেলিভারির সময় গ্রাহকদের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে ভার্চুয়াল প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
‘উবার কানেক্ট’ ব্যবহার করবেন কিভাবে?
১. স্মার্টফোনের অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে বিনামূল্যে উবার অ্যাপটি ডাউনলোড করুন এবং অ্যাপ ওপেন করে অ্যাকাউন্ট রেজিস্টার করুন।
২. আপনার পিকআপ এবং ডেলিভারি ঠিকানা দেয়ার পরে অ্যাপে উবার রাইডের অপশনগুলোর মধ্যে নতুন অপশন হিসেবে ‘উবার কানেক্ট’ দেখা যাবে।
৩. এরপর পার্সেল ডেলিভারির নীতিমালা ও শর্তাবলী সম্বলিত পেজে আপনার সম্মতি নিশ্চিত করুন যে আপনার পার্সেলটি কোনো নীতিমালা বহির্ভুত জিনিস বহন করছে না এবং ডেলিভারি রিকোয়েস্ট দিন।
৪. নোটিফিকেশনের মাধ্যমে চালক আপনার পার্সেল নিতে আসার রিকুয়েস্ট অ্যাক্সেপ্ট করেছে কি না তা জানানো হবে। পিকআপ বা ড্রপ-অফ এর জন্য বিশেষ কোন নির্দেশনা থাকলে আপনি সরাসরি চালকের সাথে যোগাযোগ করতে পারবেন।
৫. পার্সেল পাঠানোর সময় আপনি প্রাপকের সাথে ‘শেয়ার মাই ট্রিপ’ ফিচারটি ব্যবহার করতে পারেন যাতে প্রাপক পার্সেলটি ট্র্যাক করতে পারেন এবং সহজে চালকের সাথে দেখা করে পার্সেল নিতে পারেন।


