পাথেয় রিপোর্ট : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় আয়শা আক্তার (১৩) নামে এক মাদরাসাছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার ধাওয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত আয়শা আক্তার উপজেলার ধাওয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা বাদশা হাওলাদারের মেয়ে এবং উপজেলার ওয়ারেচ আফছারিয়া দাখিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নানা বাড়িতে ঈদুল আজহার ছুটি কাটিয়ে শুক্রবার নিজ বাড়িতে ফিরে আয়শা। শনিবার মাদরাসার ক্লাস শুরু হওয়ায় তার মা তাকে বেশ কয়েকবার মাদরাসায় যেতে বলে। এতে মেয়ে রাজি না হওয়ায় তাকে গালমন্দ করেন মা। পরে তিনি থালা-বাসন ধোয়ার জন্য পুকুরে গেলে মায়ের ওপর অভিমান করে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মেয়েটি আত্মহত্যা করে।
ঘরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে তার মা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।


