পেগাসাস কেলেঙ্কারিঃ বিশ্বজুড়ে ৫০ হাজার ফোন হ্যাক

পেগাসাস কেলেঙ্কারিঃ বিশ্বজুড়ে ৫০ হাজার ফোন হ্যাক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশেষ লোকজনের ওপর গোপনে নজরদারি করতে ইসরায়েলের একটি প্রতিষ্ঠান বিভিন্ন দেশের সরকারের কাছে একটি স্পাইওয়্যার বিক্রি করেছে। এই স্পাইওয়্যার দিয়েই ৫০ হাজার ফোনের ওপর গোপনে নজরদারি চালানো হয়েছে।

২০১৯ সাল থেকে ১৭টি দেশের সংবাদমাধ্যম মিলে ‘দ্য পেগাসাস প্রজেক্ট’ নামের একটি প্ল্যাটফর্ম থেকে ইসরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে ফোনে নজরদারির বিষয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। সেই অনুসন্ধানেই উঠে এসেছে বিশ্বজুড়ে ৫০ হাজার ফোন হ্যাক করে সেগুলোতে নজরদারি চালানোর বিষয়টি।

ম্যালওয়্যারটির বিক্রেতা ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও-র দাবি, এই হ্যাকিংয়ের সঙ্গে তারা যুক্ত নয়। বরং মানবাধিকার রেকর্ড ভালো এমন দেশের সামরিক বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা বিভাগের কাছে তারা এই সফটওয়্যার বিক্রি করেছে।

পেগাসাস নামে এই স্পাইওয়্যারটি সম্পর্কে ওয়াশিংটন পোস্ট, দ্যা গার্ডিয়ান, ল্য মোঁদ এবং আরও ১৪টি সংবাদমাধ্যমে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভারতের নিউজ পোর্টাল দ্য ওয়্যার এই হ্যাকিংয়ের তালিকায় সে দেশের অন্তত ৩০০ রাজনীতিক, সাংবাদিক, অধিকার কর্মী, বিজ্ঞানীর নাম রয়েছে বলে জানিয়েছে। তালিকায় এই পোর্টালের দুই জন প্রতিষ্ঠাতা সাংবাদিকের নামও রয়েছে।

এই অবৈধ নজরদারির ঘটনা বেশিরভাগ ঘটেছে মূলত ১০টি দেশে। এই দেশগুলো হচ্ছে ভারত, আজারবাইজান, বাহরাইন, হাঙ্গেরি, কাজাখস্তান, মেক্সিকো, রুয়ান্ডা, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।

তবে পেগাসাস ব্যবহার করে কোন কোন দেশে কাদের ফোন হ্যাক করা হয়েছে তার বিস্তারিত তালিকা আগামী কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

যেভাবে কাজ করে পেগাসাস স্পাইওয়্যার

পেগাসাস সম্ভবত কোনও বেসরকারি কোম্পানির তৈরি সবচেয়ে শক্তিশালী স্পাইওয়্যার। পেগাসাস যদি কোনোভাবে একবার ফোনে ঢুকে যেতে পারে, তাহলে এটি আপনার ফোনকে সার্বক্ষণিক এক নজরদারির যন্ত্রে পরিণত করার ক্ষমতা রাখে।

ফোন থেকে আপনি যত মেসেজ বা ছবি পাঠান, কিংবা রিসিভ করুন, পেগাসাস তা কপি করে গোপনে পাচার করে। পাঠিয়ে দেয় নির্দিষ্ট জায়গায়।

এই স্পাইওয়্যারটি আপনার অগোচরে ফোনের কথাবার্তা রেকর্ড করতে পারে, এমনকি ফোনের ক্যামেরা ব্যবহার করে গোপনে আপনার ভিডিও রেকর্ড করতে পারে। আপনি কোথায় আছেন, কোথায় গিয়েছিলেন, অথবা কার কার সঙ্গে দেখা করেছেন, পেগাসাস সে সম্পর্কেও জানতে পারে বলে মনে করা হয়।

২০১৯ সালে ভারতে আরেকটি পেগাসাস কেলেঙ্কারির পর জানা যায়, ভিডিও কলের মাধ্যমেই স্পাইওয়্যারটি মোবাইল ফোনে ইন্সটল হয়ে যায়। যদি সেই ফোন রিসিভও না করা হয়, তবুও সফটওয়্যারটি ফোনে ইন্সটল হয়ে যায়। অর্থাৎ যার ফোনে নজরদারি চালানো হবে বলে টার্গেট করা হয়, তার বিশেষ কিছু করার থাকে না।

সূত্র: বিবিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *