পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশবরেণ্য কবি হেলাল হাফিজ অসুস্থ হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। পিসিআর টেস্টে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।
শুক্রবার (২০ আগস্ট) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়। কিডনি, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল নানা সমস্যা রয়েছে তার।
ফরিদা ইয়াসমিন বলেন, তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। অন্যান্য হাসপাতালে চিকিৎসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানার পর সিএমএইচ কর্তৃপক্ষ তাকে সেখানে ভর্তি করে। বর্তমানে তিনি ভালো আছেন।
হেলাল হাফিজ বাংলাদেশের একজন অন্যতম পাঠকপ্রিয় কবি। তার কবিতা সংকলন ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হওয়ার পর অসংখ্য সংস্করণ বের হয়েছে। ২৬ বছর পর ২০১২ সালে আসে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা একাত্তর। তার অন্যতম জনপ্রিয় কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’। এই কবিতার দুটি পঙ্ক্তি ‘‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’’ বাংলাদেশের কবিতামোদী ও সাধারণ পাঠকের মুখে মুখে উচ্চারিত হয়ে থাকে।


